
এ.কে. পলাশ, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপে তল্লাশি চালিয়ে ১৩ হাজার ৬৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. সুমন মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পুরোনো হলুদ রঙের পিকআপ জব্দ করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দি এলাকায় মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ অভিযান চালানো হয়।
দাউদকান্দি মডেল থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় সন্দেহভাজন একটি পিকআপে তল্লাশি চালিয়ে ১৩ হাজার ৬৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে পিকআপের চালক/আরোহী সুমন মিয়াকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে ঢাকা মেট্রো-ন-১৩-৬১৪১ নম্বরের পিকআপটি জব্দ করা হয়েছে।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার সুমন মিয়া বগুড়া সদর উপজেলার শাকারিয়া ইউনিয়নের কদিমপাড়া এলাকার আজিম উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি ঢাকার শ্যামপুর থানার মীরহাজীরবাগ এলাকায় বসবাস করেন।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করা হচ্ছিল। এ সময় একটি পিকআপে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।