
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাতৈল ভিটি এলাকায় বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগে কালিয়াকৈর থানায় মামলা হয়েছে। গত ৬ অক্টোবর বিকেলে এ ঘটনা ঘটে বলে অভিযোগপত্র ও মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী মো. রিফাত হোসেনের দাবি, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তার মামার পরিবারের সঙ্গে স্থানীয় কয়েকজনের বিরোধ চলছিল। এর জের ধরে ঘটনার দিন বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে অভিযুক্ত কামরুল হাসান, সিয়াম, আলামিন, জেসমিন সহ আরো ১০ থেকে ১২ জনের একটি দল নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ তাদের বাড়িতে যায়।
এজাহারে বলা হয়, ওই সময় হামলাকারীরা দা, বঁটি, হাতুড়ি ও লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে। তারা বাড়িঘরে ভাঙচুর চালানোর পাশাপাশি আসবাবপত্র ও অন্যান্য মালামালের ক্ষতি করে। একটি বাড়ির গেট ও সিসিটিভি ক্যামেরাও ভাঙচুর করা হয়েছে।
অভিযোগপত্র অনুযায়ী, এ ঘটনায় প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে।
ঘটনার সময় অভিযোগকারীর মামাতো ভাই খায়রুল ইসলাম খোকন ঢাকা জজ কোর্ট থেকে বাড়ির কাছে এলে অভিযুক্ত কামরুল হাসান, সিয়াম, আলামিন, জেসমিন তার পথরোধ করে মারধর করেন। পরে তাকে টেনে-হিঁচড়ে পাশের একটি বাড়ির দিকে নিয়ে যাওয়া হয়। সেখানে এক অভিযুক্তরা ধারালো দা দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
আহত খায়রুল ইসলাম খোকনকে প্রথমে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠান। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, হামলার সময় খায়রুলকে রক্ষা করতে এগিয়ে গেলে তার এক নারী আত্মীয়কেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে অভিযুক্তরা। অভিযোগকারী মাকে ও মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়।
এক পর্যায়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে অভিযুক্তরা তাদেরকে হত্যার হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়।
মামলায় আলামিন, কামরুল হাসান, সিয়াম, জেসমিন সহ ১৫ জনের নাম এবং আরও ১০ থেকে ১২ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। এই মামলার আসামিদের অধিকাংশের ঠিকানা কালিয়াকৈর উপজেলার চাতৈল ভিটি এলাকায়।
অভিযোগের ভিত্তিতে কালিয়াকৈর থানায় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রেকর্ড করা হয়েছে বলে নথিতে দেখা যায়।
এ ঘটনার পর থেকেই আসামিরা বাড়িতে নেই।
এবিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি জানান বিষয়টি নিয়ে একটি মামলা হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা করে গ্রহন করা হবে।