
স্টাফ রিপোর্টার, মোঃ রুবেল
ঢাকার সাভারের আশুলিয়ায় অবস্থিত শারমিন গ্রুপের মালিকের প্ররোচনায় শ্রমিক হত্যার অভিযোগের বিচার এবং দেশের সব গার্মেন্টস কারখানায় নিরাপদ ও শ্রমিকবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন গার্মেন্টস শ্রমিকরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটি ও টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের যৌথ উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন। এ সময় তাঁরা আশুলিয়ায় শ্রমিক হত্যার অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলাম, বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া সভাপতি মাসুদ রানা সুলতানসহ বিভিন্ন বেসিক ইউনিয়নের নেতারা।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের গার্মেন্টস শিল্পের উৎপাদন ও অগ্রগতিতে শ্রমিকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা, মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা জরুরি। কোনো শ্রমিক যেন কর্মস্থলে সহিংসতা, নির্যাতন কিংবা অনিরাপদ পরিবেশের শিকার না হন, সে জন্য কারখানা মালিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বক্তারা আরও বলেন, শ্রমিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সব গার্মেন্টস কারখানায় সুষ্ঠু, নিরাপদ ও শ্রমিকবান্ধব কর্মপরিবেশ প্রতিষ্ঠা করতে হবে। শ্রমিক হত্যার অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
মানববন্ধন থেকে শ্রমিকদের নিরাপত্তা, ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি: মোঃ ফরিদুল ইসলাম, সভাপতি, জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটি।