
আশুলিয়া প্রতিনিধি:
ঢাকার আশুলিয়ায় দৈনিক বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রধানকে পথরোধ করে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামাল হোসেন মুকুলের স্ত্রী মোছা. আলো বেগম (৪০) এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
জিডি সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে আশুলিয়ার বাইপাইল শান্তিনগর এলাকায় সিদ্দিকের বাড়ির সামনে পৌঁছালে একদল ব্যক্তি তাঁর পথরোধ করেন। এ সময় তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ, মারধরের চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রধানের ভাষ্য, ঘটনার সময় এলাকাটি নির্জন ছিল এবং আশপাশের দোকানপাট বন্ধ ছিল। পরিস্থিতি বিপজ্জনক মনে হওয়ায় তিনি সিদ্দিকের বাড়িতে আশ্রয় নেন। এ সময় তাঁর চিৎকার শুনে বাড়ির লোকজন বেরিয়ে এলে অভিযুক্তরা সেখান থেকে সরে যান। এ ছাড়া ঘটনাস্থলের অন্ধকারে আরও কয়েকজনকে সশস্ত্র অবস্থায় দেখা গেছে বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, ওই ব্যক্তিদের নেতৃত্বে ছিলেন কাউছার নামের এক ব্যক্তি।
জাহাঙ্গীর আলম প্রধানের অভিযোগ, জামাল হোসেন মুকুলের বিরুদ্ধে অতীতে প্রতারণার অভিযোগসংক্রান্ত সংবাদ প্রকাশের পর থেকেই তাঁকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছিল। ওই সংবাদ প্রকাশের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে তাঁর সন্দেহ।
এ ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জড়িত ব্যক্তিদের শনাক্ত, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। এ বিষয়ে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করে পুলিশের সহযোগিতা চেয়েছেন ওই সাংবাদিক।
এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ফেরদৌস আলী বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছেন। আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পেয়েছেন বলে জানান তিনি।
তবে এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশি তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ এবং জড়িত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।