
মোঃ ইখলাছুর রহমানঃ
সাভারের আশুলিয়া ইউনিক এলাকায় একটি ভাড়া বাসা থেকে আনসার আলী (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অন্তত দুই দিন আগে তার মৃত্যু হয়েছে। ঘরের ভেতর লাশ পচে তীব্র দুর্গন্ধ ছড়ালে বিষয়টি জানাজানি হয়।
নিহত আনসার আলী টাঙ্গাইল জেলার গোপালপুর থানার বাইসখাইল গ্রামের মৃত সুজাত আলীর ছেলে। তিনি আশুলিয়ার ইউনিক এলাকার ‘সোহাগ’ নামের একটি স্থানীয় মুদি দোকানে চাকরি করতেন।
স্থানীয় ও বাড়িওয়ালা সূত্রে জানা গেছে, ইউনিক এলাকার জিন্নাত আলীর বাড়িতে ভাড়া থাকতেন আনসার আলী। গত দুই দিন ধরে তার কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছিল না। গতকাল তার ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে আশেপাশের মানুষ ও অন্য ভাড়াটিয়ারা এগিয়ে আসেন। এ সময় দেখা যায়, তার ঘরের দরজা খোলাই ছিল। ভেতরে গিয়ে আনসার আলীর মরদেহ পড়ে থাকতে দেখেন সবাই। মরদেহটিতে পচন ধরে যাওয়ায় পুরো এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।
আশেপাশের ভাড়াটিয়াদের দাবি, দরজা খোলা থাকা সত্ত্বেও গত দুই দিন ধরে কেউ তার কোনো খোঁজ নেয়নি কিংবা ঘরের ভেতরে কী হচ্ছে তা খেয়াল করেনি। ফলে মৃত্যুর বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রকাশ পায়নি।
তিনি ঠিক কী কারণে মারা গেছেন, তা এখনো নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। এটি স্বাভাবিক মৃত্যু নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা নিয়ে এলাকায় চাঞ্চল্য ও রহস্যের সৃষ্টি হয়েছে।
খবর পেয়ে স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখছে। তদন্ত ও ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানা গেছে।