
কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ৮ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের একটি অপচেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৪ জুলাই) ভোর ৫টা ১০ মিনিটের দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ জয়পুর বিওপি এলাকার দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫২/১-এস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, প্রতিপক্ষ ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা নদীপথে সাঁতার কেটে ৮ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে (২ জন পুরুষ, ৪ জন নারী ও ২ জন ট্রান্সজেন্ডার) অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে।
এ সময় বিজিবির নিয়মিত টহলদল ঘটনাটি তাৎক্ষণিকভাবে শনাক্ত করে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। বিজিবির দৃঢ় অবস্থানের মুখে তারা নদীপথেই পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়। ফলে বিএসএফের পুশইনের অপচেষ্টা সফলভাবে প্রতিহত করা সম্ভব হয়।
বিজিবি জানায়, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, পুশইন এবং সীমান্ত আইন লঙ্ঘনের প্রচেষ্টা প্রতিরোধে বাহিনী সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।