
সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি, গাইবান্ধা:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. মাজেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী।
এছাড়াও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সেনাবাহিনী, পুলিশ, আনসার ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা সভায় অংশ নেন।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও সন্ত্রাস দমন, চুরি-ডাকাতি প্রতিরোধ, যানজট নিরসন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং নাগরিক সেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসন, জনপ্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. মাজেদুর রহমান বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও আন্তরিক ও সমন্বিতভাবে কাজ করতে হবে।” তিনি সকলের সহযোগিতায় একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত সুন্দরগঞ্জ গড়ে তোলার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ইউএনও ঈফফাত জাহান তুলি বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সকল দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।” তিনি আরও জানান, জনগণের অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং অপরাধ প্রতিরোধে প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে