
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহ্যবাহী কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ মঞ্জুরুল ইসলাম।
পরিদর্শনকালে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা বিদ্যালয়টি জাতীয়করণের দাবি জানালে এমপি মঞ্জুরুল ইসলাম বলেন, বিদ্যালয়টি জাতীয়করণের জন্য ইতোমধ্যে সরকারের কাছে ডিও (D.O.) লেটার পাঠানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, অচিরেই এ বিষয়ে ইতিবাচক ফলাফল পাওয়া যাবে।
তিনি বিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষার্থীদের উপস্থিতির হার দেখে সন্তোষ প্রকাশ করেন। বক্তব্যে তিনি বলেন, সরকার শিক্ষা খাতসহ সব ক্ষেত্রেই উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করে দেশকে এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “আমরা অন্ধকার যুগে ফিরে যেতে চাই না। আমরা চাই মাথা উঁচু করে দাঁড়াতে। বিশ্বের বুকে বাংলাদেশকে সম্মানজনক অবস্থানে নিতে হলে শিক্ষার মান আরও উন্নত করতে হবে।”
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। কারণ শিক্ষাই মানুষের সম্মান ও সফলতার প্রধান ভিত্তি।”
এ সময় উপস্থিত ছিলেন কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিমুর রহমান সেলিম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর শামীম আলী, কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য আবুল হোসেন রাজা, উপজেলা যুবদলের আহ্বায়ক সাদেকুল ইসলাম সাদেক, যুগ্ম আহ্বায়ক ইমরান সর্দার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওলিউর রহমান, বীরগঞ্জ উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মো. শাজাহান শিরাজ শিপনসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।