নিজস্ব প্রতিবেদক:
ঢাকার সাভারে র্যাব-৪ এর অভিযানে ৪০.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় আরিফ ও শিমুলসহ ২-৩ জন সন্দেহভাজন মাদক কারবারি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
র্যাব-৪ সূত্রে জানা যায়, গত ২ আগস্ট ২০২৬ তারিখ রাত ১২টা ৩৫ মিনিটে র্যাব-৪, সিপিসি-২, নবীনগর ক্যাম্পের গোয়েন্দা দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সাভার থানার রাজফুলবাড়ীয়া বাসস্ট্যান্ড সংলগ্ন দ্বীন ইসলাম সুপার মার্কেটের সামনে ফুটওভার ব্রিজের উত্তর পাশের ফুটপাতে কয়েকজন মাদক কারবারি বিপুল পরিমাণ গাঁজা মজুদ করে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
সংবাদের ভিত্তিতে রাত ১২টা ৫৫ মিনিটে র্যাব-৪, সিপিসি-২ এর একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। অভিযানে ৪০.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় আরিফ, শিমুল এবং তাদের সহযোগী আরও ২-৩ জন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
র্যাবের প্রাথমিক তদন্তে জানা গেছে, পলাতক আসামিরা পরস্পরের যোগসাজশে দেশের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কম দামে গাঁজা সংগ্রহ করে সাভার, আশুলিয়া, ধামরাইসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় মজুদ রাখত। পরে তারা স্থানীয় মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারিভাবে বেশি দামে এসব মাদক বিক্রি করে দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।
এ ঘটনায় পলাতক আসামিদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।