
নিজস্ব প্রতিনিধি:
পেশাগত দক্ষতা, বলিষ্ঠ নেতৃত্ব, কর্মনিষ্ঠা ও পুলিশ ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এশিয়ান পুলিশ স্পোর্টস কাউন্সিলের (এপিএসসি) উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন।
এশিয়ার বিভিন্ন দেশের পুলিশ সংস্থার ক্রীড়া কার্যক্রম নিয়ে কাজ করা এপিএসসির চেয়ারপারসন মিসেস নির্মলা রাওয়াত স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক পত্রে শামীমা পারভীনকে কাউন্সিলের উপদেষ্টা হিসেবে মনোনয়নের বিষয়টি জানানো হয়েছে।
মনোনয়নপত্রে শামীমা পারভীনের পেশাগত অভিজ্ঞতা, দক্ষতা, নেতৃত্বগুণ এবং পুলিশ ক্রীড়াক্ষেত্রে তার অবদানের প্রশংসা করা হয়েছে।
কর্মক্ষেত্রে দায়িত্বশীলতা, দক্ষতা ও মানবিক নেতৃত্বের মাধ্যমে ইতোমধ্যে নিজের অবস্থান তৈরি করেছেন শামীমা পারভীন। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, মনোবল ও ক্রীড়া কার্যক্রমের উন্নয়নেও তার ভূমিকা প্রশংসিত হয়েছে।
এপিএসসির উপদেষ্টা হিসেবে শামীমা পারভীন এশিয়ার বিভিন্ন দেশের পুলিশ সংস্থার মধ্যে ক্রীড়া সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করতে পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে পুলিশ ক্রীড়ার উন্নয়ন ও অংশীদারত্ব বাড়াতেও তিনি ভূমিকা রাখবেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, শামীমা পারভীনের এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়; এটি বাংলাদেশের পুলিশ বাহিনীর সক্ষমতা, পেশাদারিত্ব ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতারও ইতিবাচক প্রতিফলন।
বিশেষ করে একজন নারী পুলিশ কর্মকর্তা হিসেবে আন্তর্জাতিক একটি গুরুত্বপূর্ণ সংগঠনের উপদেষ্টা পদে মনোনয়ন নারী নেতৃত্বের অগ্রযাত্রাকে আরও অনুপ্রাণিত করবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকেও শামীমা পারভীনকে এ মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক দায়িত্বে মনোনীত হওয়ায় অভিনন্দন জানানো হয়েছে। তার নতুন দায়িত্বে সাফল্য এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
শামীমা পারভীনের এ অর্জনে ঢাকা জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের মধ্যেও আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের আশা, অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বগুণ কাজে লাগিয়ে এপিএসসির উপদেষ্টা হিসেবে তিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পুলিশ বাহিনীর ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন।