
নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গাহনের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন—পত্নীতলা উপজেলার নাগরগোলা গ্রামের আব্দুল বারীর ছেলে আমির হামজা (১৪) এবং একই গ্রামের ফয়ালের ছেলে ফাহিম (১৬)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে গাহনের মোড়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা আমির হামজা ও ফাহিম গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
দুর্ঘটনার বিষয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। কীভাবে সংঘর্ষের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।