
জেলা প্রতিনিধি, গাইবান্ধা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা ভূমি অফিসের কর্মচারী মোছাঃ আয়েশা সিদ্দিকা দাবি করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা টাকা কোনো ব্যক্তিগত লেনদেনের নয়; বরং সরকারি রাজস্ব আদায়ের অংশ হিসেবে অর্পিত সম্পত্তির লিজ মানির খাজনার টাকা।
মোছাঃ আয়েশা সিদ্দিকা জানান, অর্পিত সম্পত্তির লিজ গ্রহীতাদের কাছ থেকে সরকারি নির্ধারিত খাজনা গ্রহণ করে এর বিপরীতে ডিসিআর (ডুপ্লিকেট কার্বন রিসিট) প্রদান করা তার নিয়মিত দায়িত্বের অংশ। ভিডিওতে যে টাকা দেখা যাচ্ছে, সেটিও দায়িত্ব পালনের সময় গ্রহণ করা খাজনার টাকা বলে তিনি দাবি করেন।
তার অভিযোগ, তার অজান্তে কে বা কারা ভিডিওটি ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেছে। এতে তাকে হয়রানি ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্য রয়েছে বলে তিনি মনে করছেন।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আয়েশা সিদ্দিকা বলেন, বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
তিনি আরও জানান, ভিডিওটি প্রচারের মাধ্যমে তার বিরুদ্ধে কোনো মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়ে থাকলে, কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোছাঃ আয়েশা সিদ্দিকা বলেন, সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবে গ্রহণ করা খাজনার টাকাকে ভিন্নভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা অনভিপ্রেত। যাচাই-বাছাই ছাড়া কোনো ভিডিও বা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
তবে ভিডিওতে দেখা অর্থের বিষয়ে আয়েশা সিদ্দিকার দেওয়া বক্তব্যের স্বাধীন যাচাই এ প্রতিবেদনে করা সম্ভব হয়নি।