
নওগাঁ প্রতিনিধি: আব্দুল আজিজ
নওগাঁর পত্নীতলা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ পর্ব অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) বিকেল ৪টায় পত্নীতলার বামইল মাঠে অনুষ্ঠিত এ ম্যাচকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলাটি দেখতে মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচে পত্নীতলা ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগ এবং মাটিন্দর ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগ মুখোমুখি হয়। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে মাটিন্দর ইউনিয়ন ২-১ গোলে পত্নীতলা ইউনিয়নকে পরাজিত করে জয়লাভ করে।
‘খেলাধুলা হোক সুস্থতার জন্য, জীবন হোক আল্লাহর সন্তুষ্টির জন্য’ এবং ‘খেলাধুলা হবে শরীরের যত্নে, সময় কাটবে আল্লাহর স্মরণে’—এমন স্লোগানকে সামনে রেখে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মারুফ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগ পত্নীতলা উপজেলা শাখার সভাপতি মো. সোহেল রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও পত্নীতলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মো. হাবিবুর রহমান, পত্নীতলা উপজেলা জামায়াতের নায়েবে আমির ও পত্নীতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ডা. মো. আতাউর রহমান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মো. হারুনুর রশিদ, পত্নীতলা ইউনিয়ন জামায়াতের আমির মো. হারুনুর রশিদ, উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক মো. জালাল উদ্দিন এবং মাটিন্দর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মো. রফিকুল ইসলাম।
ম্যাচ চলাকালে দর্শকদের ব্যাপক উপস্থিতিতে বামইল মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তবে পুরো আয়োজন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। খেলোয়াড়দের নৈপুণ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপভোগ করেন উপস্থিত দর্শকরা।
নওগাঁ প্রতিনিধি আব্দুল আজিজের পাঠানো ভিডিওচিত্রে রয়েছে টুর্নামেন্টের বিস্তারিত দৃশ্য।