
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা জেলার সাভার ও ধামরাইয়ে পৃথক বিশেষ অভিযান চালিয়ে ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর। গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে একাধিক মাদক ও অস্ত্র মামলা রয়েছে। তাদের মধ্যে একজনের বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার জনাব শামীমা পারভীনের নির্দেশনায় বুধবার (২ সেপ্টেম্বর) রাতে এসব অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলামের নেতৃত্বে পৃথক অভিযানে ডিবি পুলিশের বিভিন্ন টিম অংশ নেয়।
শ্যামপুরে ৫০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
বুধবার রাত সাড়ে ৮টার দিকে সাভার মডেল থানাধীন শ্যামপুর পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—আশিকুর রহমান আশিক (২৫) ও মো. তৌহিদুল ইসলাম (২৪)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক ওজন ৫ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
আমিনবাজারে ইয়াবাসহ নারী গ্রেপ্তার
রাত ৯টা ৫০ মিনিটে সাভার মডেল থানাধীন আমিনবাজারের বড়দেশী এলাকায় অভিযান চালিয়ে আনোয়ারা বেগম (৫৫) নামে এক নারীকে ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ৪ গ্রাম এবং আনুমানিক মূল্য ১২ হাজার টাকা।
সামাইরে ২০০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
রাত সাড়ে ১১টার দিকে সাভার মডেল থানাধীন সামাইর এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
তারা হলেন—মো. মামুন (৩১), মো. জাহাঙ্গীর আলম (৪০) ও মো. জহির মিয়া (২৭)। এ সময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক ওজন ২০ গ্রাম এবং মূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানানো হয়েছে।
ধামরাইয়ে ৫০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
রাত ১১টা ৫০ মিনিটে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের এলাকায় অভিযান চালিয়ে মো. সোহেল (৩৫) ও জাকারিয়া সরদার তুহিন (২৬) নামে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক ওজন ৫ গ্রাম এবং মূল্য প্রায় ১৫ হাজার টাকা।
গ্রেপ্তারদের বিরুদ্ধে একাধিক মামলা
পুলিশ জানায়, গ্রেপ্তার আনোয়ারা বেগমের বিরুদ্ধে ২টি মাদক মামলা, মো. মামুনের বিরুদ্ধে ২টি মাদক মামলা এবং মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ১টি অস্ত্র ও ১টি মাদকসহ মোট ২টি মামলা রয়েছে।
এছাড়া জাকারিয়া সরদার তুহিনের বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
পৃথক অভিযানে গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।