
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে মাত্র ২০০ টাকায় মাছ ধরার কারেন্ট জাল বন্ধক রাখাকে কেন্দ্র করে মোস্তাকিন (২০) নামে এক যুবক হত্যার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের মাত্র পাঁচ ঘণ্টার মধ্যে এজাহারনামীয় পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে ধামইরহাট থানা পুলিশ।
বুধবার ভোরে ধামইরহাট থানা এলাকার সাহাপুর আঙ্গুরাত কলোনিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. রতন হোসেন, মো. সাইদুল ইসলাম, শিশু মো. হাসান, রোকেয়া বেগম ও মোছাম্মত জাকিয়া বেগম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধামইরহাট উপজেলার জাহানপুর ইউনিয়নের বড়শিবপুর এলাকার রতনের কাছ থেকে মাত্র ২০০ টাকায় একটি কারেন্ট জাল বন্ধক নিয়েছিলেন মোস্তাকিন। এ বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন মোস্তাকিন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়।
ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে ধামইরহাট থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলা রুজুর পরপরই অভিযানে নামে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে বুধবার ভোরে সাহাপুর আঙ্গুরাত কলোনিতে অভিযান চালানো হয়। অভিযানে মামলার এজাহারনামীয় পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান জানান, সামান্য ২০০ টাকার একটি বিষয়কে কেন্দ্র করে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মামলা রুজুর পর পুলিশের দ্রুত অভিযানে পাঁচ ঘণ্টার মধ্যে পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদেরও আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নওগাঁ জেলা প্রতিনিধি আব্দুল আজিজের পাঠানো ভিডিও চিত্র দেখুন।