
এক ছাদের নিচে হাজারো চাকরিপ্রার্থী, ৫০+ প্রতিষ্ঠান ও ২০০-এর বেশি চাকরির সুযোগ
নিজস্ব প্রতিবেদক:
ক্যারিয়ার গড়ার প্রত্যাশায় এক ছাদের নিচে জড়ো হয়েছেন হাজারো তরুণ-তরুণী। কেউ এসেছেন চাকরির সন্ধানে, কেউ ইন্টার্নশিপের সুযোগ খুঁজতে, আবার কেউ করপোরেট জগতের অভিজ্ঞ পেশাজীবীদের কাছ থেকে ভবিষ্যৎ কর্মজীবনের দিকনির্দেশনা নিতে। এমন বহুমাত্রিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘THRIVE ২০২৬’ ক্যারিয়ার কনক্লেভ ও NITER National Job Fest 2026।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের (NITER) প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
আয়োজকদের তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন খাতের ৫০টির বেশি প্রতিষ্ঠান জব ফেস্টে অংশ নেয়। এতে সরাসরি অংশগ্রহণ করেন এক হাজারের বেশি চাকরিপ্রার্থী। পুরো আয়োজন ঘিরে দর্শনার্থীর সংখ্যা ছিল ১০ হাজারের বেশি।
জব ফেস্টে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো দুই শতাধিক চাকরির শূন্যপদ নিয়ে উপস্থিত ছিল। ফলে চাকরিপ্রার্থীরা নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের পাশাপাশি সিভি জমা দেওয়া এবং নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগ পান।
আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল চাকরিপ্রার্থী ও নিয়োগদাতাদের সরাসরি সংযোগ। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ নিয়ে সরাসরি আলোচনা করেন অংশগ্রহণকারীরা।
এ ছাড়া অনুষ্ঠিত হয় করপোরেট ক্যারিয়ার টক ও ইন্টার্যাক্টিভ সেশন। বিভিন্ন শিল্পখাতের ১০টির বেশি অভিজ্ঞ বক্তা ও পেশাজীবী এসব সেশনে অংশ নিয়ে কর্মজীবনের প্রস্তুতি, দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা ও করপোরেট সংস্কৃতি নিয়ে তরুণদের সঙ্গে মতবিনিময় করেন।
ক্যারিয়ার কনক্লেভের অন্যতম আকর্ষণ ছিল ‘SparkTank’26’। কেস ক্যাটালিস্ট, পাবলিক স্পিকিং ও লিডারশিপভিত্তিক এ প্রতিযোগিতায় বাস্তব ব্যবসায়িক ও সামাজিক সমস্যা তুলে ধরে প্রতিযোগীদের কাছ থেকে সম্ভাব্য সমাধান চাওয়া হয়।
প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারীদের বিশ্লেষণী চিন্তা, সমস্যা সমাধানের সক্ষমতা, যোগাযোগ দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি যাচাই করা হয়। এতে মোট এক লাখ টাকা পুরস্কার রাখা হয়।
আয়োজকদের ভাষ্য, বর্তমান শ্রমবাজারে শুধু একাডেমিক ফলাফল নয়; যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা, নেতৃত্বের গুণাবলি এবং বাস্তব কর্মপরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার যোগ্যতাও গুরুত্বপূর্ণ। এ বাস্তবতাকে সামনে রেখেই ‘THRIVE ২০২৬’ ও NITER National Job Fest-এর আয়োজন করা হয়েছে।
তাদের মতে, শিক্ষাজীবন থেকে কর্মজীবনে প্রবেশের জন্য শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের প্রস্তুত করা এবং দেশের বিভিন্ন খাতের প্রতিষ্ঠানের সঙ্গে তরুণদের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (BTMA) সভাপতি শওকত আজিজ রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন NITER-এর পরিচালক আশিকুল আলম রানা।
এ ছাড়া উপস্থিত ছিলেন BTMA-এর সহ-সভাপতি ও পুরবাণী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল ইসলাম সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার টেক্সটাইল ডিভিশনের ডেপুটি ম্যানেজার (এইচআর অ্যান্ড অ্যাডমিন) উম্মে আফিয়া আক্তার, আল-মুসলিম গ্রুপের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. সালাউদ্দিন শাওন, BTMA-এর পরিচালক মো. খোরশেদ আলম, সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন (অব.), যুগ্ম সচিব জেনারেল মো. মুহাম্মদ জিয়াউর রহমান, NITER-এর চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসার মো. শহিদুল ইসলাম এবং রেজিস্ট্রার বদরুল হায়দার চৌধুরী।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব মো. জিল্লুর রহমান। এ সময় NITER Career Club-এর সভাপতি মেহজাবিন চৌধুরী উপস্থিত ছিলেন।
দিনব্যাপী বিভিন্ন আয়োজন শেষে সম্মাননা ও পুরস্কার প্রদানের মধ্য দিয়ে ‘THRIVE ২০২৬’ ও NITER National Job Fest-এর সমাপ্তি ঘটে।
আয়োজকরা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান, করপোরেট খাত ও চাকরিপ্রার্থীদের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরির পাশাপাশি তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
NITER Career Club-এর আয়োজনে অনুষ্ঠিত এ ক্যারিয়ার কনক্লেভ ও ন্যাশনাল জব ফেস্টে বিপুলসংখ্যক তরুণের অংশগ্রহণ কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নকেন্দ্রিক উদ্যোগের প্রতি তাদের আগ্রহের বিষয়টিও তুলে ধরে।