
স্টাফ রিপোর্টার, পঞ্চগড়:
‘মাদককে না বলি, ক্রীড়াকে হ্যাঁ বলি’—এই স্লোগানকে সামনে রেখে পঞ্চগড় শহরের খালপাড়া রাজনগর মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় তেঁতুলিয়া মুরগী হাটি দলকে ৪-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে পঞ্চগড় মুরগী হাটি দল।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় শহরের খালপাড়া রাজনগর মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে পঞ্চগড় মুরগী হাটি কল্যাণ সমিতি।
অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পঞ্চগড় পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ইরান। এ সময় নুর রাব্বী, ফায়েস, সুভনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রীতি ম্যাচে পঞ্চগড় মুরগী হাটি ও তেঁতুলিয়া মুরগী হাটি দল অংশ নেয়। খেলা দেখতে মাঠে নারী-পুরুষ ও শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দর্শকরা করতালি ও বাদ্যযন্ত্রের মাধ্যমে খেলোয়াড়দের উৎসাহিত করেন।
উত্তেজনাপূর্ণ ম্যাচে উভয় দলই দারুণ নৈপুণ্য প্রদর্শন করে। শেষ পর্যন্ত পঞ্চগড় মুরগী হাটি দল ৪-২ গোলে তেঁতুলিয়া মুরগী হাটি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পঞ্চগড় পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ইরান।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি উৎসাহিত করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।